
চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা


চাঁদপুরের হাইমচরে বিষাক্ত রাসেল ভাইপারের দংশনে আক্রান্ত শিশু মরিয়মকে নিয়ে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ওঝা বা সাপুড়ের কাছে না গিয়ে সচেতনতার পরিচয় দিয়ে শিশুটির বাবা মনির হোসেন সাপটিকে বোতলে বন্দি করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
সোমবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।
শিশু মরিয়ম হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চল নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট মেয়ে।


শিশুর বাবা মনির হোসেন ও স্বজনেরা জানান, বাড়ির সামনে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ মরিয়মের পায়ে রাসেল ভাইপারের একটি বাচ্চা দংশন করে। এ সময় সময় নষ্ট না করে শিশুটির বাবা মনির হোসেন রাস্তার পাশের জঙ্গল থেকে সাপটিকে খুঁজে বের করেন এবং একটি বোতলে বন্দি করেন। পরে এক হাতে সন্তান ও অন্য হাতে বোতলবন্দি বিষধর সাপ নিয়ে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসকরা দ্রুত মরিয়মের চিকিৎসা শুরু করেন এবং অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।
হাসপাতালের চিকিৎসক ড. এনামুল হক বলেন, সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসায় এবং ওঝার কাছে সময় নষ্ট না করায় শিশুটির জীবন রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটিকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বর্ষা মৌসুমে চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় সাপের উপদ্রব বাড়লেও এখন মানুষ ওঝার শরণাপন্ন না হয়ে সচেতনভাবে সরাসরি হাসপাতালে আসায় দ্রুত চিকিৎসা পাওয়া নিশ্চিত হচ্ছে। সচেতন এই বাবার সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।




























