
তিন দফা জানাজা শেষে শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ স্যার


তিন দফা জানাজা শেষে শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ স্যার। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চার দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এর আগে বুধবার রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার সকালে প্রথমে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ আতুরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে, পরে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল রামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর বাদ মাগরিব মরহুম সৈয়দ আহাম্মদের নিজ বাড়ি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের বেপারী বাড়িতে তৃতীয় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ওই বাড়ির মৃত আফতাব উদ্দিন বেপারীর ছেলে।


মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন ফারুক, হাটিলা পূর্ব ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল মজুমদার, কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন প্রমুখ।
বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রধান শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমিতিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।


























