আগুন থেকে বেঁচে ফিরেছেন তাঁরা, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২, ২০২৪ | ৫:১৯
Link Copied Successfully!

বাবার জন্য পাঞ্জাবি কিনতে গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে যান ব্যবসায়ী ফয়সাল আহমেদ। দুটি পাঞ্জাবি পছন্দ করে টাকা পরিশোধ করছিলেন । ঠিক তখনই শুনতে পান ভবনটিতে আগুন লেগেছে।

তাড়াহুড়া করে ভবনের তৃতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নেমে যান ফয়সাল। কিন্তু বের হতে পারেননি। ফয়সালের অভিযোগ, আগুন লাগার পর ভবনের গেট তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আবার সিঁড়ি বেয়ে তিনতলার পাঞ্জাবির ওই দোকানে ঢুকে পড়েন ফয়সাল। ততক্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো কক্ষ। বিদ্যুৎও চলে গেছে। পুরো ভবনেই আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় দেড় ঘণ্টা ওই কক্ষে অনেকের সঙ্গে আটকে ছিলেন ফয়সাল। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে তাঁকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ফয়সাল আরও বলেন, ‘তখন প্রতি সেকেন্ডকে ১ ঘণ্টার মতো মনে হচ্ছিল। আমার ১০ মাসের একটি মেয়ে রয়েছে। শুধু বাবা ডাকতে পারে। ওই ভয়াল সময়টাতে শুধু মেয়ের ছবি চোখের সামনে ভাসছিল। ওর জন্য কান্নায় বুক ফেটে যাচ্ছিল।’

বিজ্ঞাপন

আগুন লাগার খবর পেয়ে  বাবা বারবার ফোন করছিলেন ফয়সালকে। কয়েকবার বাবার ফোন কেটে দেন তিনি। বেঁচে ফিরবেন কি না আর দেখা হবে কি না, সেটা ভেবে পরে বাবার ফোন ধরে দোয়া করতে বলেন।

ফয়সালের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। পরিবার নিয়ে ঢাকার কেরানীগঞ্জে থাকেন। সেখানে স্টার প্যাকেজিং নামে  তাঁর একটি কারখানা রয়েছে।

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে।

ফয়সাল আহমেদের মতো আগুনে দগ্ধ মেহেদী হাসানের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। তিনি  বলেন, চীন থেকে তাঁদের এক বন্ধু এসেছেন। স্ত্রী উম্মে হাবিবাকে সঙ্গে নিয়ে ওই বন্ধুর সঙ্গে বেইলি রোডে খেতে গিয়েছিলেন তাঁরা। খাবারের মেনু যখন হাতে নেন, ঠিক তখনই আগুন লেগে যায়। মেহেদী হাসান বলেন, ‘ওই দিনের আগুনের বিমর্ষ ছবি আর মনে করতে চাই না।’

চার বন্ধুকে সঙ্গে নিয়ে খেতে এসেছিলেন সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদ মাহমুদ। তিনি  বলেন, ‘কয়েকবার সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেছি। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে সিঁড়ি দিয়ে নামতে পারিনি।’ যখন পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে, তখন সবাই ছোটাছুটি করছিলেন। তখন বন্ধুদের হারিয়ে ফেলেন সাদ মাহমুদ।

সাদ আরও বলেন, ভবনের ছয় তলার একটি খাবারের দোকানের রান্নাঘরে ৬০/৭০ জন গিয়ে আশ্রয় নেন। অনেকেই বের হয়ে গেলে শেষ পর্যন্ত ১০ থেকে ১৫ জন সেখানে ছিলেন। অনেকে ভয় পেয়ে ছয়তলার জানালা ভেঙে তাঁর সামনেই লাফিয়ে নিচে পড়ছিলেন ‌। আগুনে  দুই বন্ধু মারা গেছেন বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বেইলি রোডের ওই ভবনের আগুনে এ পর্যন্ত  ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা কেউ ‘শঙ্কামুক্ত’ নন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

আগুনের ভয়াবহতা ও মৃত্যুর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন  বেইলি রোডে গিয়ে সাংবাদিকদের বলেন, ভবনটিতে কোনো অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনবার চিঠি দেওয়া হয়েছিল; কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, ভবনটিতে রেস্তোরাঁ বা পণ্য বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠার কোনো অনুমোদন ছিল না।

আগুনের ঝুঁকি ও অনুমোদন না থাকার পরও ভবনটিতে আটটি রেস্তোরাঁ চলছিল বছরের পর বছর ধরে। সপ্তাহের শেষ কর্মদিবসে সেখানে খেতে ভিড় করেছিলেন নগরের বাসিন্দারা। কেউ গিয়েছিলেন শিশুসন্তানদের নিয়ে, কেউ গিয়েছিলেন স্বজনদের নিয়ে, কেউ গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। কারও কারও জীবন চলত ওই ভবনে থাকা প্রতিষ্ঠানে কাজ করে।

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ