
ঋণ পরিশোধ না করায় খুলে নেয়া হলো বসতঘর: খোলা আকাশের নিচে বসতি পরিবার


চাঁদপুরের মতলব উত্তরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জাল টাকার ব্যবসায় লোকসান, লোকসানের জের ধরে বসতঘর খুলে নিয়ে বিক্রি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা গেলো, উপজেলার দক্ষিণ সরদারকান্দি গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে রহমান ও মৃত শরিফ আলী মিজির ছেলে শিবলু ও নবী ঢাকা শহরে জাল টাকার ব্যবসার উদ্দেশ্যে যান। সেখানে উভয়ের ব্যবসায় লোকসান হয়।
শিবলু এরই মধ্যে প্রবাসে চলে যায়। তার পক্ষে ব্যবসা পরিচালনা করেন তার ভাই নবী।
ব্যবসায়ী রহমানের চেয়ে নবীদের প্রভাব বেশি হওয়ায় স্থানীয় শরীফ আলী মিজির ছেলে নবী, আলা গাজীর ছেলে রজ্জব আলী, নাছির, নুর মিয়ার ছেলে সুমন, আব্দুল হক মোল্লার ছেলে বশির স্থানীয় ওয়ার্ড মেম্বার গোলাম কাদিরের নেতৃত্বে তার বসবাসের ঘরটি খুলে নিয়ে বিক্রি করে দেয়। ঘরে থাকা আসবাবপত্র খোলা আকাশের নিচে এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
জানতে চাইলে সন্তানাদি নিয়ে হাউমাউ করে কেঁদে উঠেন রহমানের স্ত্রী আলো বেগম। খোলা আকাশের নিচে বাস করতে হবে। তাদের যেন দেখার কেউ নেই!
এ ব্যাপরে ক্ষতিগ্রস্থ রহমান জানান, স্থানীয়দের বিচার মেনে নিয়েই গত কয়েক দিন পূর্বে আংশিক টাকা দিয়েছে। অবশিষ্ঠ টাকা পরিষদের সময় নেয়। তবুও এখন তার বসবাসের ঘর খুলে নিয়ে গেছে।


ইউপি সদস্য গোলাম কাদির জানান, স্থানীয় শালিসের মাধ্যমে রহমানের ঘর বিক্রি করেছে। সেখানে রহমানের অনুমতি ছিল।
এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান মতলব উত্তর ওসি মহিউদ্দিন।




























