
ফরিদগঞ্জে চাল বিতরণে চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে মারামারি, আহত ৬
চাল বিতরণ বিষয়ে কথকাটাকাটির এক পর্যায়ে অফিস ভাংচুর -- পপুলার বিডিনিউজ 
চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ড নিয়ে অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানান ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার চাল বিতরণ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের অনুসারী ও ইউপি সদস্যদের মধ্যে কথকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় ইউপি সচিবের কার্যালয়ের চেয়ার টেবিল ভাংচুর ও কাগজপত্র তচনছের ঘটনা ঘটে। সংঘর্ষে ইউপি সদস্য ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম, যুবলীগ নেতা হেলাল উদ্দিন রাসেল, আজাদ হোসেনসহ অন্তত ৬/৭জন আহত হয়।


আহতদের মধ্যে ইউপি সদস্য সাইফুল ইসলাম, যুবলীগ নেতা হেলাল উদ্দিন রাসেল, আজাদ ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ করা হয়েছে।
হামলায় আহত যুবলীগ নেতা হেলাল উদ্দিন রাসেল বলেন, ভিজিডির চাল নিতে আসলে ইউপি সচিব বিতরণ বন্ধ জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে উপর হামলা হয়।
ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ভিজিডি নিয়ে অনিয়মের ব্যাপারে অভিযোগ করায়, ইউএনও চাল বিতরণ বন্ধ রাখেন। কিন্তু চেয়ারম্যান তার লোকজন দিয়ে জোর পূর্বক চাল বিতরণ করতে গেলে সংঘর্ষ বাঁধে। এসময় সে হামলার শিকার হয়।
ইউপি সচিব আমির হোসেন বলেন, ইউএনওর নির্দেশে ভিজিডির চাল বিতরণ বন্ধ রাখা হয়। কিন্তু চেয়ারম্যানের লোকজনের সাথে চাল বিতরণ বিষয়ে কথকাটাকাটির এক পর্যায়ে অফিস ভাংচুরের শিকার হয়।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন জানান, ইউনিয়ন পরিষদে মারামারির ঘটনার পর ইউএনও তাকে ডেকেছেন বলে আর কোন কথা বলতে রাজি নন তিনি।
ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, ভিজিডি বিষয়ে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার চাল বিতরণ বন্ধ রাখতে নিদের্শনা দেয়া হয়। সংঘর্ষের ঘটনাটি জেনেছি। তবে বুধবার (২৯ মার্চ) পুলিশ ও প্রশাসনের লোকজনের উপস্থিতিতে ভিজিডির চাল বিতরণ করা হবে।ওই ইউনিয়নে ১০৩টি ভিজিডি কার্ড বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের কথা উল্লেখ করে গত ২৭ মার্চ ৯জন ইউপি সদস্য লিখিত অভিযোগ করেন। পপুলার বিডিনিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।



























