
নাসিরকোটে সম্পত্তির মালিকদের তোয়াক্কা না করে লাখ লাখ টাকার ক্ষতি করে রাস্তা নির্মাণের অভিযোগ
Link Copied Successfully!

৯৯৯ কলে করে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করলেন হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোর্ট গ্রামের বকাউল বাড়ীর বাসিন্দা মিজানুর রহমান গংরা। প্রায় ২৫০ ভোটারকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে অন্যের সম্পত্তি দখল করে প্রায় আধা কিলোমিটার রাস্তা নির্মাণ করে ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলের নিয়ন্ত্রিত একটি চক্র।
ভোক্তভুগী মিজানুর রহমান জানান, কোন যোগসাজশ ছাড়াই হঠাৎ করে আমাদের একাধিক গাছ কর্তন ও কৃষি জমিতে বেকু দিয়ে খনন করে রাস্তা নির্মাণ কাজ শুরু করে একটি চক্র।২০১১ সালে একটি স্বার্থনেষী মহল তাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা কালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন কাজ স্থগিত করা হয়।
মিজানুর রহমান রুপালী ব্যাংক মহামায়া বাজার শাখায় চাকুরী করেন। কাজের সুবাধে বাড়িতে থাকা হয় না। এতে সম্পত্তি দখল ও লুটতরাজ করে আসছে একটি চক্র।
জানতে চাইলে দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল বলেন, আগের চেয়ারম্যানগণ এই প্রজেক্টের উপর দিয়ে তিনবার রাস্তা বাঁধের কাজ করেন। এই রাস্তা পরিপূর্ণ ছিলো। সরকারি প্রজেক্টের উপর নির্মাণাধীন রাস্তার উপর গাছ রোপন করেন যাতে জনসাধারনের চলাচলে ব্যাঘাত ঘটে। স্থানীয়দের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একাধিকবার মিজানুর রহমানদের নোটিশ দেয়া হলেও সাড়া মিলেনি।
তিনি আরো জানান, কবিরাজ বাড়ীতে প্রায় ২৫০ ভোটার রয়েছে। কিন্তু তাদের কোন চালচলের কোন রাস্তা নেই। এই একটি পরিবারের সহযোগিতা না পাওয়ায় পুরো কবিরাজ বাড়ির বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করে দু’পক্ষকে সমাধানের লক্ষ্যে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন।



























