
তাইজুল-সাকিবের ঘূর্ণিতে ম্যাচ ফের বাংলাদেশের নিয়ন্ত্রণে


৬৬ রানে ২ উইকেট হারানোর পর অ্যাঞ্জেলো ম্যাথুজ আর কুশল মেন্ডিস মিলে ৯২ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েছিলেন। সেই প্রতিরোধ ভেঙে দেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। চা-বিরতির পর তাইজুলের করা প্রথম বলটি স্পিন করে বেরিয়ে যাচ্ছিল। কুসল মেন্ডিস লেগে ঘুরাতে চাইলেও ঠিকঠাক পারেননি।
মিডউইকেটে সহজ ক্যাচ দেন নাঈম হাসান। ১৩১ বলে ৩ চারে ৫৪ রানে ফিরেন কুশল।
স্কোরবোর্ডে ২৫ রান যোগ হতেই নিজের প্রথম শিকার ধরেন সাকিব আল হাসান। তার বলটি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ধনাঞ্জয়া। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে ক্যাচ যায় স্লিপের দিকে। দারুণ ডাইভ দিয়ে ক্যাচ নেন মাহমুদুল। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন মুমিনুল হক। দুটি ব্যর্থ রিভিউয়ের পর এবার সফল হয় বাংলাদেশ। ২৭ বলে ৬ রান করে ফিরেন ধনাঞ্জয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান।


আজ রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই চাপ সৃষ্টি করে বাংলাদেশ। তরুণ নাঈম হাসানের ঘূর্ণিতে দলীয় ২৩ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন ঘটে। অধিনায়ক দিমুথ করুনারত্নেকে (৯) লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাঈম। এরপর দলীয় ৬৬ রানে নাঈমের বলেই লিটন দাসের গ্লাভসবন্দি হন অপর ওপেনার ওশাদা ফার্নান্দো (৩৬)।
সূত্র: কালের কন্ঠ
H/N




























