
বলাখাল আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি

প্যারাসুট নারকেল তৈলের বোতলের ছাপে খোঁজা হচ্ছে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি করা চোরচক্র।
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনের তিনটি বিভাগ প্রাথমিক তদন্ত কাজে অংশ নেয়।
বুধবার দিবাগত রাতে বলাখাল-রামপুর সড়কের পাশে আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটে। চোরচক্র ব্যাংকের ভল্ট ভেঙে হাতিয়ে নিয়েছে দুই লাখ আট হাজার টাকা।


বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে চাঁদপুর থেকে পিবিআই ও গোয়েন্দা পুলিশের দুইটি টিম তদন্ত কাজে অংশ নেয়।
এদিকে এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী মনির হোসেন এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা জানান। এই মনির হোসেন হাজীগঞ্জ পদ্মা লাইফ ইন্সুইরেন্স্যর বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তার মাধ্যমে হোসেনপুর ও উয়ারুক বাজারে আরো দুইটি এজেন্ট ব্যাংক পরিচালিত হয়ে আসছে।
তার পরিচালিত এই ব্যাংকে তিনজন কর্মকর্তা রয়েছে। তাদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে দরজা ভাঙ্গা দেখা যায়। ক্যাশে থাকা দুই লাখ আট হাজার টাকা চোরচক্র নিয়ে গেছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ব্যাংকের পাশের একটি নতুন কক্ষের জানালার গ্রীল কাটা, ব্যাংকের দরজা ও ভল্ট এর তালা ভাঙ্গা রয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে দয়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল আজিজ ঘটনাস্থল থেকে চুরি কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করে। ওইসময় ভল্টের ভিতরের থেকে প্যারাসুট নারকেল তৈলের একটি বোতল উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলছে। এরআগেও বেলচোঁ আল আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে দুইবার চুরি ঘটনা ঘটে। একবার টাকা হাতিয়ে নেয় চোরচক্র। ওই মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত কাজের প্রক্রিয়ায় চোরচক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে।


























