
বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ মুন্সীকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন


হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ মুন্সী রোববার রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা যান (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বুধবার বাদ জোহর মরহুম বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ মুন্সীকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী মুন্সী বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদসহ সঙ্গীয় ফোর্স।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুষ্পমাল্য অপর্ণ করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ, হাজীগঞ্জ উপজেলা পরিষদ, হাজীগঞ্জ উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগ, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, হাজীগঞ্জ মাইক্রোবাস মালিক সমিতি ও চাঁদের হাট সুপার শপ কর্তৃপক্ষ।


হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জানাজার নামাজের আগে স্মৃতিচারণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য আধ্যাপক একে এম ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির আহম্মেদ ভূঁইয়া ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল।
পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুবুল আলম লিপনের উপস্থাপনায় ওইসময় উপস্থিতি ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমনা আক্তার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম বীরমুযোদ্ধা হারুনুর রশীদ মুন্সীর একমাত্র সন্তান ইংল্যান্ড থেকে আসার পর দাফন কাজ সম্পন্ন করা হয়। তার স্ত্রী হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। মরহুম বীরমুযোদ্ধা হারুনুর রশীদ মুন্সী চাঁদপুরে জেলা আওয়ামীলীগর সদস্য, হাজীগঞ্জ বাজারের চাঁদের হাট সুপার শপের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।


























