
হাজীগঞ্জে তিন মামলায় দুই হাজার আসামী


হাজীগঞ্জ বাজারে ঘটে যাওয়া ঘটনায়িএ পর্যন্ত তিনটি মামলা দায়ের হয়েছে। তিন মামলায় দুই হাজার জনকে আসামী করা হয়। শুক্রবার সকালে পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ।
তিনি বলেন, পুলিশ বাদী হয়ে দুইটি মামলা করা হয়। অপরটি মন্দির ভাংচুরের দায়ে করা হয়েছে। এই তিন মামলায় দুই হাজার জনকে আসামী করা হয়েছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়।
বুধবার রাতে একটি বিক্ষোভ মিছিল হাজীগঞ্জ বাজারে আসে। ওইসময় এশার নামাজ শেষে মুসল্লীদের একটা অংশ মিছিলে যোগ দেয়। তারপর হাজীগঞ্জ বাজারের জিউর আখড়ায় ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সেই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ও বিক্ষোভ মিছিলকারীদের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে।


বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারের কয়েকটি পূজা মন্ডপ হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ এমপি। তিনি হাজীগঞ্জ বাজারের লক্ষী নারায়ণ জিউর আখড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, এই অপশক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সুস্থ্য ধর্মপ্রাণ ব্যক্তিরা এমন হামলা করতে পারে না। অপশক্তিরাই হামলা করেছে। কাউকে ছাড় দেয়া হবে না।
ওইসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে। এখন পর্যন্ত হাজীগঞ্জে ৭ জন, কুমিল্লায় ৪৩সহ চট্রগ্রাম রেঞ্জে ৭৩ জনকে আটক করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।



























