
ড.মুনসুর উদ্দিন কলেজের হোস্টেল বন্ধ


কচুয়ার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের তিন শিক্ষার্থীর করোনা পজেটিভ হওয়ায় কলেজ পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।কলেজের ইংরেজীর প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলামের ফেইসবুক থেকে এ বিষয়টি নিশ্চিত হয়েছে পপুলার বিডি নিউজ।
কোন দৃশ্যমান উপসর্গ না থাকলেও, হোস্টেলে উঠার প্রয়োজনে কোভিড-১৯ টেস্ট রিপোর্টে তিনজন শিক্ষার্থীর করোনা পজিটিভ হওয়ার খবর শুনে ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষাপ্রশাসন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নেয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষার বিষয়টি নিশ্চিতকরণে,এ অঞ্চলের মাউশির পরিচালক সোমেশ কর চৌধুরী, সহকারী পরিচালক মো: হেলাল উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দিন পাটওয়ারী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খান এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়নদাস শুভ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস ও হোস্টেল পরিদর্শন করেন ।



স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকার নির্দেশিত নিয়মকানুন প্রতিপালনে কোন ত্রুটি না থাকায় পরিদর্শন টিম সন্তোষ প্রকাশ করেন। সাবধানতার লক্ষ্যে, করোনা পজিটিভ ওই তিন শিক্ষার্থী যে সকল শাখায় শ্রেনিপাঠ গ্রহণ করেছিল,সে সকল শাখার শ্রেণি-পাঠদান আগামী ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দেন। করোনা পজেটিভ তিন শিক্ষার্থীকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয় ।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হোস্টেল কর্তৃপক্ষ হোস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এসময় কলেজ কতৃপক্ষকে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পরিচালক জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে আলোচনা সভায় মিলিত হন।আলোচনায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে এবং গত ১০ বছরের এইচএসসি ফলাফলে গৌরবময় কৃতিত্ব অর্জনে শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রশংসা করা হয়।
কলেজ অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রশাসনের আন্তরিক পরিদর্শনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনে আগামী দিনগুলোতেও বর্তমানের মতো সহযোগিতা কামনা করি।
R/N



























