
‘শ্বাস নিতে কষ্ট হচ্ছিল’

এক সপ্তাহ আগে জুভেন্তাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হওয়ার ঘোষণা দেন পাওলো দিবালা। এর আগেই অবশ্য দিবালার করোনায় আক্রান্ত হওয়া নিয়ে খবর রটে যায়। কিন্তু সেসব গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। পরে দিবালা নিজেই এই রোগে আক্রান্ত হওয়ার খবর দেন। পাশাপাশি এটাও জানিয়েছিলেন, লক্ষণ থাকলেও স্থিতিশীল আছেন। কিন্তু এবার কিছুটা সুস্থ হয়ে জানালেন পেছনের খবর। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার।
করোনার শিকার হওয়া জুভেন্তাস তারকাদের মধ্যে প্রথমে ডিফেন্ডার দানিয়েল রুগানি, পরে দিবালা এবং শেষে ফরাসি ব্লেইস মাতুইদির নাম আসে। তাদের মধ্যে বাকি দুজনের লক্ষণগুলো ছিল প্রাথমিক পর্যায়ের। কিন্তু দিবালার লক্ষণগুলো মাঝারি পর্যায়ে চলে যায়। গত এক সপ্তাহ আইসোলেশনে থেকে কিছুটা সুস্থ হওয়া ২৬ বছর বয়সী দিবালা শুক্রবার এক টেলিভিশন চ্যানেলকে জানান, ‘আমার কিছু লক্ষণ ছিল কিন্তু এখন অনেকটাই ভালো বোধ করছি। দুই দিন আগেও আমি খারাপ ছিলাম, নিজেকে খুব ভারী মনে হতো এবং মাত্র পাঁচ মিনিট চলাফেরার পর মনে হতো শ্বাস নিতে পারছি না। এখন সেটা নেই, এখন একটু বেশি সময় হাঁটতে পারছি, ট্রেডমিলে হেঁটেছি কিন্তু গত কয়েক দিন এ রকম করলেই শরীর কাঁপত। অবস্থা এমন ছিল যে, হা করে শ্বাস নিতে হতো এবং তখন কিছুই করতে পারতাম না। এখন অনেকটাই ভালো বোধ করছি। আমার বাগদত্তা ওরিয়ানা সাবাতিনিও অনেকটা সুস্থ হয়ে উঠেছে।’






























