
হাজীগঞ্জে চলাচলের পথ নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ মৌজায় সম্পত্তিগত বিরোধের জেরে চলাচলের পথে জোরপূর্বক বালু ফেলে দুই পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়। বালু রাখার প্রতিবাদ করলে অতর্কিত হামলায় সবুজ মজুমদার (২৫) আহত হয়।
গত ২৪ জুলাই শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ গ্রামের উপজেলা পরিষদ সংলগ্ন মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত সবুজ মজুমদারের বাবা দুলাল মজুমদার হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে একই বাড়ির মীর হোসেন মজুমদারের ছেলে সাইমুন ইসলাম প্রিন্স (৩২), মৃত আব্দুর রহমান মজুমদারের ছেলে আবদুল হান্নান মজুমদার (৫০), মো. জাবেদ মজুমদার (৩২) ও মো. মাসুদ মজুমদার (৩৪), আ. হান্নান মজুমদারের স্ত্রী মরিয়ম বেগম (৩৭) কে বিবাদী করা হয়।
বাদী দুলাল মজুমদার অভিযোগে উল্লেখ করেন, পৌরসভাধীন কংগাইশ মৌজার ১১৩০নং দাগে আধা শতাংশ সম্পত্তি ক্রয় করে। সেই সম্পত্তি বালু দ্বারা ভরাটের পর গত বছর চলাচলের পথ পাকাকরণ করা হয়। সেই চলাচলের পথ হিসেবে সবার জন্য উন্মুক্ত ছিল। একই অভিযোগ করেন ভুক্তভোগী রৌশনারা খানম। তিনিন বলেন, তার ভাই মোস্তাফিজুর রহমান রাসেল বাদী দুলাল মজুমদারের স্ত্রী মর্জিনা বেগমের কাছ থেকে আধা শতাংশ সম্পত্তি খরিদ করেন। পরিবারের সবার নিরাপত্তা চান রৌশনারা খানমের স্বামী মনির হোসেন। গত বছরের২৪ অক্টোবর শালিসি বৈঠকে দুই-পক্ষের আপোষ-মিমাংসার মাধ্যমে সবকিছু মেনে নিয়ে কাগজে চুক্তি স্বাক্ষর হয়। তিন দিন পর তারা ওই আপোষনামার উপর বাতিল লিখে দেয়।
জানতে চাইলে সাইমুন ইসলাম প্রিন্স বলেন, এক বছর ধরে তাদের বাসার সামনে ইটের স্তুপ এনে রাখা হয়েছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ জানান, অভিযোগের তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন-২ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


























