
মতলবের ষাটনল এলাকা পর্যটক বান্ধব করার জন্য পরিদর্শন


চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের মেঘনা নদীর তীরে ষাটনল এলাকা পর্যটক বান্ধব করার জন্য পর্যটন কর্পোরেশনের গৃহীত উদ্যোগের সম্ভাব্যতা যাচাই করতে ১২ জুন শনিবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া ।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ইমতিয়াজ হোসেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার(ভূমি), আফরোজা হাবিব শাপলা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী। এছাড়া দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি ও ষাটনল ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ষাটনল একটি পর্যটক বান্ধব এলাকা। এটি নদী তীরবর্তী হওয়ায় এবং পাশে লঞ্চঘাট থাকায় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাবে। তিনি আরো জানান, নানান প্রতিকূলতার কারণে ষাটনল পর্যটন কেন্দ্রটি আলোর মুখ দেখেনি। বিশেষ করে এর পাশে রয়েছে গণকবর। এছাড়াও রয়েছে একটি ঈদগাহ। এখানে ৮ একর জমি রয়েছে। গনকবর ও ঈদগাহ জায়গা বাদ দিলে ৬ একর জমিতে পর্যটন কেন্দ্র করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ জানান, পর্যটন সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ষাটনল এলাকায় মেঘনা নদীর তীরে পর্যটক বান্ধব পরিবেশ তৈরির বিষয়ে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এ জন্য এলাকাবাসীর সার্বিক সহায়তা কামনা করেন।




























