
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দলে ৩ নতুন মুখ


টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ব্যাটিংয়ে নেমেই চমক দেখালেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অসাধারণ ফিফটি হাঁকিয়ে দলকে জেতালেন। পেলেন ম্যাচসেরার পুরস্কার।
আর এমন পারফর্ম দেখানোর পরের দিনেই সৌভাগ্য উড়ে এলো তার কাছে। এবার ভারতের ওয়ানডে দলেও ডাক পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সূর্যকুমারসহ ওয়ানডে দলে রয়েছে ৩ নতুন মুখ। বাকি দুজন হলেন-কর্ণাটকের পেসার প্রসিধ কৃষ্ণ এবং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।


কৃষ্ণ ও ক্রুনালের অন্তর্ভূক্তির বিষয়ে জানা গেছে, ভারতে সদ্যসমাপ্ত ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে নির্বাচকদের নজর কেড়েছেন তারা।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালোই খেলেছেন তরুণ পেসার প্রসিধ কৃষ্ণ।
চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। ছুটিতে থাকায় পেসার জাসপ্রিত বুমরাহকে রাখা হয়নি ১৮ সদস্যের স্কোয়াডে।
এছাড়া এই ওয়ানডে সিরিজে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার।
সে তালিকায় রয়েছেন মোহাম্মদ সামি, সাঞ্জু স্যামসন, মানিশ পান্ডে, মায়াঙ্ক আগারওয়াল।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই ২৩ মার্চ থেকে পুনেতে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই। সিরিজটি শেষ হবে ২৮ মার্চ।
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দার, টি নটারজান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা।




























