
বিয়ের নয় মাস পর স্ত্রীর মৃত্যু, স্বামী আটক


গত রমজানের পনের দিন পর বিয়ে হয় আঠারো বছর বয়সী মিশু আক্তারের। বিয়ের সাত মাস পর জানুয়ারী মাসের শেষ সপ্তাহে চাকরী থেকে বাড়ীতে আসেন স্বামী। রোববার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ত্রীর মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন পুলিশ। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের তারালিয়া গ্রামের সর্দার বাড়ীতে। মিশু আক্তার ওই বাড়ীর রাসেল হোসেনের স্ত্রী। রাসেল রাজধানীতে চলচিত্র জগতের এক নায়কের বাসার দারোয়ানের চাকরী করে।


মিশু আক্তারের বড় বোন জানান, শনিবার বিকালে আমাদের বাড়ী মৈশামুড়া এলাকা থেকে স্বামী-স্ত্রী রাসেল ও মিশু একসাথে যায়। তারপর সকালে মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। আমার বোনকে তারা যৌতুকের জন্য খুন করেছে বলে সন্দেহ হচ্ছে।
এদিকে রাসেলের মামা মোজ্জামেল হোসেন বলেন, মিশু সবসময় অসুস্থ থাকতো। তার খিচুনী রোগ ছিল। এর আগে একাধিকবার এই রোগের জন্য চিকিৎসা করানো হয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি ও তদন্ত কর্মকর্তা আবদুর রশিদ বলেন, গৃহবধূকে প্রাথমিকভাবে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মিশুর শরীরে কিছু ক্ষত চিহ্ন রয়েছে। স্বামী রাসেল হোসেন ও ভাই রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলবে বলে জানান পুলিশ।



























