
বৈষম্য নয়, ইনসাফের ভিত্তিতে রাজারগাঁও গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন মুফতি ফয়জুল্লাহ। তিনি পূর্ব রাজারগাঁও এলাকার আলাউদ্দিন মিজি বাড়ির বাসিন্দা। তাঁর পিতা মাওলানা হাশমত উল্লাহ।
রাজারগাঁও ইউনিয়নেই জন্ম ও বেড়ে ওঠা মুফতি ফয়জুল্লাহ বলেন, এ এলাকার মানুষের সুখ-দুঃখ ও দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তিনি কাছ থেকে দেখেছেন। চেয়ারম্যানের দায়িত্ব পেলে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সমান অধিকার ও ন্যায্য উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবেন বলে জানান তিনি।
মুফতি ফয়জুল্লাহর অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে রয়েছে—প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া, প্রয়োজনের ভিত্তিতে সব ওয়ার্ডে উন্নয়ন করা, রাস্তা-ঘাট ও জনসেবায় বৈষম্য কমানো, ন্যায়সংগত স্থানীয় বিচারব্যবস্থার পরিবেশ তৈরি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।


এছাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।
মুফতি ফয়জুল্লাহ বলেন, “আমি কোনো একটি অঞ্চল বা গোষ্ঠীর চেয়ারম্যান হতে চাই না। পুরো রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হয়ে সবার জন্য কাজ করতে চাই। আমার স্বপ্ন শুধু চেয়ারম্যানের চেয়ার নয়; একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও আধুনিক রাজারগাঁও গড়ে তোলা।”
চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি ফয়জুল্লাহ তাঁর প্রার্থিতাকে সামনে রেখে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।




























