
বেশি করে বাচ্চা নিন, ঘর বানিয়ে দেবেন মোদি


বেশি করে বাচ্চা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাড়ি।
গতকাল মঙ্গলবার রাজ্যের উদয়পুরে একটি বৈঠকে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজস্থানের উপজাতীয় এলাকা উন্নয়নবিষয়ক মন্ত্রী বাবুলাল বলেন, মাথার ওপর ছাদ ছাড়া কেউ থাকবে না। কেউ না খেয়ে ঘুমাবে না। এটাই প্রধানমন্ত্রীর স্বপ্ন। আপনার অনেক সন্তানের জন্ম দেন। প্রধানমন্ত্রী আপনাদের বাড়ি বানিয়ে দেবেন, তাহলে সমস্যা কী?


খারাড়ির আট সন্তান রয়েছে। তাঁর স্ত্রী দুজন। এদিকে রাজস্থানের এই মন্ত্রীর বক্তব্য শোনার পর স্থানীয়রা হাসিতে ফেটে পড়েন। বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান খারাড়ি।
খারাড়ি ২০২৩ সালে রাজস্থানের বিধানসভা নির্বাচনে ঝাদোল থেকে চতুর্থবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হন।


























