
চাঁদপুরে ছাত্রলীগের তিন কমিটি স্থগিত


চাঁদপুর জেলা ছাত্রলীগের অনুমোদন করা তিনটি শাখা কমিটি স্থগিত করা হয়েছে। এই কমিটি অনুমোদন দেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
বুধবার (২২ জুন) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। যাতে সীলসহ স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখা কর্তৃক গত ২০ জুন ঘোষিত হাইমচর উপজেলা শাখা, চাঁদপুর সরকারি কলেজ শাখা ও একইসঙ্গে ২১ জুন ঘোষিত চাঁদপুর সদর উপজেলা শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হলো।


স্থগিতাদেশের অভিযোগ প্রসঙ্গে জানতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।








