আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর আজম

Default User
স্পোর্টস ডেস্ক 
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২২ | ৩:১০
Link Copied Successfully!

দৌড়ে সাকিব আল হাসান ছিলেন। ৯ ম্যাচে ব্যাট হাতে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান আর বল হাতে ১৭.৫২ গড়ে ১৭ উইকেট নিয়ে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সম্ভাবনায়ও একেবারে পেছনে ছিলেন না।

তাঁর পাশাপাশি দৌড়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান ম্যালান আর আয়ারল্যান্ডের পল স্টার্লিংও। কিন্তু শেষ পর্যন্ত আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে পাকিস্তানের বাবর আজমের কাছে হার মানতে হলো সাকিব-ম্যালান-স্টার্লিংকে। আজ আইসিসি ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বাবরের নাম ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে আইসিসির বর্ষসেরার পুরস্কারে অব্যাহত থাকল পাকিস্তানের দাপট।

এর আগে গতকাল আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

বিজ্ঞাপন

২০২১ সালে পাকিস্তান ক্রিকেটে দারুণ সময়ই কেটেছে, সে পথে অধিনায়ক হিসেবে দারুণ দেখানো বাবরের বছরটা ব্যাট হাতেও এক কথায় ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর ছিল বলে গত বছরে টি-টোয়েন্টির দিকেই ঝোঁক বেশি ছিল দলগুলোর, এর মধ্যেই ৬ ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেছেন বাবর। ছয় ম্যাচেই দুটি শতকও হাঁকিয়েছেন।

বছরে কেবল দুটি সিরিজই খেলেছে পাকিস্তান, একটি দক্ষিণ আফ্রিকায়, অন্যটি ইংল্যান্ডে। দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান, সিরিজে পাকিস্তানের দুই জয়েই ম্যাচসেরা ছিলেন বাবর। প্রথম ওয়ানডেতে ২৭৪ রান তাড়া করে পাকিস্তানের জয়ের পথে শতক হাঁকিয়েছেন, সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছেন ৮২ বলে ৯৪ রানের ইনিংসে।

তবে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলেও সে সিরিজেও পাকিস্তানের হয়ে একা যা লড়েছেন বাবরই। তিন ম্যাচে ১৭৭ রান করেছেন, যেখানে পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান সিরিজে ১০০ রান করতে পারেননি।

বিজ্ঞাপন

ব্যাট হাতে তো ভালো করেছেনই, বল হাতেও ২০২১ সালে সাকিব ছিলেন দারুণ
ব্যাট হাতে তো ভালো করেছেনই, বল হাতেও ২০২১ সালে সাকিব ছিলেন দারুণ ছবি: শামসুল হক
বার্মিংহামে তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান ৩৩১ রান করেও হেরে গেছে, তবে দলের অর্ধেকের কাছাকাছি রানই করেছেন বাবর। ম্যাচে ১৫৮ রান তাঁর ওয়ানডে ক্যারিয়ারেরই সেরা!

আজ আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পাওয়ার পর সেই ইনিংসের কথাই আলাদা করে বলেছেন বাবর, ‘আমাকে সেরা ইনিংস বেছে নিতে বললে আমি ইংল্যান্ডের বিপক্ষে যে ১৫৮ রান করেছিলাম সেটির কথা বলব। আমার সর্বোচ্চ ইনিংসও সেটি। আমার কাছে ওই ইনিংসকে আমার ক্যারিয়ারেরই সেরা মনে হয়। সে সময়ে আমি কিছুটা ভুগছিলাম, একটা বড় ইনিংস দরকার ছিল। সেটি পেয়েছি ওই ইনিংসে, যেটি কিনা আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’

ইনিংসের হিসেবে ইংল্যান্ডের মাটিতে ওই ইনিংস এগিয়ে থাকছে ঠিকই, তবে সিরিজের হিসেবে দক্ষিণ আফ্রিকায় ওই সিরিজের দিকেই বারবার বাবরের চোখ ফিরছে। আইসিসির পুরস্কার গ্রহণের পর ভিডিওবার্তায় পাকিস্তান অধিনায়ক বললেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো খুব কঠিন একটা কাজ, কারণ সেখানকার উইকেট অন্যরকম, ওদের বোলিং বিভাগও দারুণ মানসম্পন্ন। সেখানে ফখর জামান, আমার ও ইমাম-উল-হকের পারফরম্যান্সে ভর করে আমরা সিরিজটা জিতেছিলাম।’

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার দুজনই পাকিস্তানের
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার দুজনই পাকিস্তানের ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতা অতিথি যেকোনো দলের জন্যই কতটা কঠিন, সেটা মাত্রই বিরাট কোহলির ভারত টের পেয়েছে। শুধু উপমহাদেশের দলই কেন, আফ্রিকান কন্ডিশনে ভুগতে হয় প্রায় সব দলকেই।

সে কারণেই কি না, ওই সিরিজে জয় আলাদা ভালোবাসা পাচ্ছে বাবরের কাছে, ‘আমার লক্ষ্য হচ্ছে প্রত্যেক দেশে রান করে যাওয়া, প্রত্যেক প্রতিপক্ষের দেশে গিয়ে রান করা। (দক্ষিণ আফ্রিকার মাটিতে) ওই সিরিজটা আমাদের এগিয়ে চলতে বেশ সাহস জুগিয়েছে। ওই জয়ে যে ছন্দটা খুঁজে পেয়েছিলাম, সেটি আমার দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে, সেটা একজন খেলোয়াড় হিসেবে যেমন, তেমনি অধিনায়ক হিসেবেও।’

আর প্রশ্ন যখন পুরস্কারের পর কৃতজ্ঞতা প্রকাশের, বাবর বারবার দৃষ্টি ফেরালেন তাঁর দল আর সতীর্থদের দিকে, ‘প্রথমত আমাকে সব সময় সমর্থন আর অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানাই সবার আগে। এরপর পিসিবি ও আইসিসির কাছে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমার পাকিস্তান দলের প্রতি কৃতজ্ঞতা জানাই সব সময় আমার পাশে থাকার জন্য। তাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না, এত দারুণ একটা দল থাকায় খুব গর্ব হয় আমার। আমার সাফল্যের জন্য আমার মা-বাবা যেভাবে প্রার্থনা করে গেছেন, তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা