
ছাত্রকে নিয়ে সিএনজি ঢুকে গেল স্কুলে, আহত স্কুলছাত্র হাসপাতালে


সিএনজি চালিত অটোরিকশা ঢুকে গেল স্কুলে। এতে গুরুতর আহত হয় স্কুল ছাত্র সায়েম। ওই ছাত্র চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বোরবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।
আহত সায়েম ওই গ্রামের সিংহের বাড়ির আবদুল করিমের ছেলে। সে মোহাম্মদপুর শিশু আদর্শ নিকেতনের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন শিং ও হাবিবুর রহমান জানান, সকালে মোহাম্মদপুর গ্রামের মিয়াসাব বাড়ির সামনে অবস্থিত শিশু আদর্শ নিকেতনের সামনে দিয়ে সায়েম স্কুলে প্রবেশ করতে রাস্তা পারাপার হয়। হাজীগঞ্জ থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাটি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এক পর্যায়ে সিএনজিটি সায়েমকে মুখে নিয়ে সোজা স্কুলে ঢুকে যায়।


স্কুল ছাত্র সায়েম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী জানান, সকালে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত সায়েমের বাবা করিম শিং জানান, ঘটনার পর এলাকাবাসী সিএনজি চালিত অটোরিকশাটি আটক করেছে। সায়েমকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


























