
কচুয়ায় আবারো নৌকার মাঝি হলেন স্বপন


৪র্থ ধাপে কচুয়া পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকার মাঝি হিসাবে চুড়ান্ত ভাবে মনোনীত হলেন কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন।
বুধবার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের দীর্ঘ বৈঠকে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।


জানতে চাইলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য এবং প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বুধবার রাতে বলেন, আগে যারা বিদ্রোহী ছিলেন এবারও আমরা তাদের মনোনয়ন দেইনি। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, দলের সঙ্গে ভালো সম্পর্ক এবং বিশেষ করে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। বেশ কয়েকজন নারীকে এবার দলীয় প্রার্থী করা হয়েছে। অভিযোগের কারণে আগের বেশ কয়েকজন মেয়রকে এবার আর মনোনয়ন দেয়া হয়নি।
এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচন ২০২১ইং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা কচুয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে কচুয়া পৌর এলাকায় এ খবর পৌছামাত্র দলীয় নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চলতা ফিরে এসেছে তারা বলেন নেত্রীর ঘোষণা অনুযায়ী আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীগণ নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ রয়েছে।




























