
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন ৭ নম্বর পৌর ওয়ার্ডের বড় স্টেশন মোলহেডে ডাকাতিয়া নদী-সংলগ্ন ট্রলার ঘাটের পাকা সিঁড়ির ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কসবা ইউনিয়নের হাকড় (খানবাড়ী) এলাকার রানু বেগম (৩৫) এবং একই থানার গোবিন্দনাথপুর ইউনিয়নের দক্ষিণ লত্তামুড়া এলাকার মোসা: জান্নাতুল ইভা (২২)।


পুলিশ জানায়, রানু বেগমের কাছ থেকে ৬ কেজি এবং জান্নাতুল ইভার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানটি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হক ও এএসআই (নিরস্ত্র) সুমন কুমার দাশসহ থানার একটি চৌকস টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
























