
নিজ ঘরে আগুন: মাদকাসক্ত ছেলে গ্রেফতার, আদালতে সোপর্দ


চাঁদপুরের শাহরাস্তিতে মাদকাসক্ত অবস্থায় নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে শাহরাস্তি পৌরসভার ১২ নং ওয়ার্ডের বিশারা গ্রামের শামছু মুহুরীর বাড়ীতে মাদকাসক্ত ছেলে নিজ ঘরে আগুন দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- এফআইআর-৫, তারিখ- ০৬ আগস্ট ২০২৬, জি আর নং-২৪৮, ধারা- 323/436/427/506(2) দণ্ডবিধি ১৮৬০।


মামলার সূত্র ধরে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর দিক-নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ মনির হোসেন বাবু (৪০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মনির হোসেন বাবু, পিতা- মোঃ মমিন, সাং- বিশারা, শাহরাস্তি পৌরসভা।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আজ ০৭/০৮/২০২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।



























