
ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল আলম বদলি, নতুন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া


দীর্ঘ আলোচনা-সমালোচনার পর অবশেষে বদলি হলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুল আলম। তাঁর পরবর্তী কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক আদেশে তাঁকে ফরিদগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়। দীর্ঘদিন ধরেই ফরিদগঞ্জে তাঁর কর্মকাণ্ড নিয়ে গ্রাহক মহলে নানা আলোচনা ও অভিযোগ ছিল।
স্থানীয় গ্রাহকরা জানান, লোডশেডিং, মিটার সংযোগ, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সেবা নিয়ে ভোগান্তির অভিযোগ ছিল ডিজিএম সাইফুল আলমের বিরুদ্ধে। এ নিয়ে একাধিকবার গ্রাহকদের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক বলেন, সেবার মান উন্নয়ন ও হয়রানি বন্ধের দাবিতে তারা দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে আসছিলেন। অবশেষে তাঁর বদলির আদেশ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।
এ বিষয়ে বদলির আদেশ পাওয়া ডিজিএম সাইফুল আলমের বক্তব্য পাওয়া যায়নি।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান বলেন, এটি প্রশাসনিক রুটিন বদলি। শূন্য পদে শিগগিরই নতুন কর্মকর্তা যোগদান করবেন।



























