
তিন মাসে ৬৯৫১ ইয়াবা ও ৫৯ কেজি গাঁজা উদ্ধার, চাঁদপুরে গ্রেপ্তার ৫৭৭ মাদক কারবারি


পুলিশ সুপার মো. রবিউল হাসানের নেতৃত্বে গত তিন মাসে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে বড় সফলতা পেয়েছে চাঁদপুর জেলা পুলিশ। এ সময় ৬ হাজার ৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজাসহ বিপুল মাদক উদ্ধার ও ৫৭৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার পুলিশ মিডিয়া সেল জানায়, ১ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত জেলার ৮ থানা ও ডিবির যৌথ অভিযানে ৪৬০টি মাদক মামলায় এসব আসামি গ্রেপ্তার হয়। একই সময়ে ৫২২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক, ১,৪৬৩টি চেকপোস্ট পরিচালনা এবং ৫৫৩টি যানবাহন আটক ও তল্লাশি করা হয়েছে।
উদ্ধার হওয়া মাদক:


ইয়াবা ৬,৯৫১ পিস, গাঁজা ৫৯ কেজি ১১৯ গ্রাম, ৩টি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ ও ১ বোতল বিদেশি মদ। অস্ত্রবিরোধী অভিযানে ১টি কার্তুজ ও ১টি কাটার উদ্ধার হয়েছে।
থানাভিত্তিক উল্লেখযোগ্য সাফল্য:
– সদর মডেল: ৮৭ কিশোর গ্যাং আটক, ৭১ মামলায় ৯০ জন গ্রেপ্তার, ১,২০১ পিস ইয়াবা ও ৭৬৫ গ্রাম গাঁজা উদ্ধার।
– ফরিদগঞ্জ: ৭৯ মামলায় ১১০ জন গ্রেপ্তার, ১,৩৬৩ পিস ইয়াবা, ২ কেজি ২৯৪ গ্রাম গাঁজা উদ্ধার। অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার।
– কচুয়া: ১২২ কিশোর গ্যাং আটক, ৬৫ মামলায় ৯২ জন গ্রেপ্তার, ৯৫৮ পিস ইয়াবা ও ২৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার।
– শাহরাস্তি: ৮৫ কিশোর গ্যাং আটক, ৫৭ মামলায় ৬৬ জন গ্রেপ্তার, ৯৪৬ পিস ইয়াবা ও ৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার।
– মতলব উত্তর: ৭৮ কিশোর গ্যাং আটক, ৫২ মামলায় ৬১ জন গ্রেপ্তার, ৭৬১ পিস ইয়াবা ও ৪ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা উদ্ধার।
– ডিবি: ৭৩ কিশোর গ্যাং আটক, ৪১ মামলায় ৪৮ জন গ্রেপ্তার, ৪৪৬ পিস ইয়াবা ও ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার।
পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, “মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলছে। অভিযান আরও জোরদার হবে। মাদকমুক্ত ও নিরাপদ চাঁদপুর গড়তে জনগণের সহযোগিতা চাই।”








