
শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দেয়ার অভিযোগে ছেলে কারাগারে


চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দেয়া ও মারধরের অভিযোগে ছেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ এর মামলায় বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃদ্ধা মা শেপালী বেগমকে ভরণ-পোষণ না দিয়ে বিভিন্ন সময় খারাপ আচরণ করার অভিযোগ ছিল ছেলে আবু ইউছুফের বিরুদ্ধে। গত ২ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১টার দিকে মাকে মারধর করে গুরুতর আহত করেন তিনি বলে অভিযোগে উল্লেখ করা হয়।


এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে রোকেয়া বেগম বাদী হয়ে ৮ জুন সোমবার শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ এর ৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-১২।
মামলার ভিত্তিতে ওইদিন দুপুরে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার অভিযুক্ত আবু ইউছুফকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতা-মাতার ভরণ-পোষণ আইনে এটি একটি শিক্ষণীয় মামলা। সন্তানের দায়িত্ব পিতা-মাতার দেখভাল করা। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।



























