
হাজীগঞ্জে সড়ক অবরোধ করে বাস আটকে হামলার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা


চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বলাখাল বাজারে বাসস্ট্যান্ডের দাবীতে সড়ক অবরোধ, বাস ভাংচুর ও বাস শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিকেরা।
বুধবার রাতে বলাখাল বাজারে বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এরআগে বুধবার দুপুর থেকে বলাখাল বাজারে সড়ক অবরোধ করে রাখে বোগদাদ ও আইদি পরিবহনের বাসগুলো আটকে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে স্কুল মাঠে রাখা বাসগুলোতে হঠাৎ অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এসময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাংচুর করা হয়। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান।
আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন, মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।


পরিবহন শ্রমিকদের দাবি, অতর্কিত হামলায় তাদের ২৫টি বাস ভাংচুর ও অন্তত ২০ জন শ্রমিককে আহত করা হয়েছে।
আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে বোগদাদ ও আইদি পরিবহনের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তারা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।








