
আজিজ-বেনজীরকে ‘সরকার প্রটেকশন দেবে না’: সালমান এফ রহমান


আজিজ-বেনজীরকে ‘সরকার প্রটেকশন দেবে না’ মন্তব্য করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকারের কোনো এম্বারাসমেন্ট (বিব্রত অবস্থা) হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল (প্রভাবশালী) হোক না কেন, সরকার কোনো রকম প্রটেকশন কাউকে দেবে না। আইন অনুযায়ী আইন নিজের গতিতে চলবে।’
বুধবার (২৯ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান এ প্রতিক্রিয়া জানান।
সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
এর আগে, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরও একই ধরনের মন্তব্য করেছেন।


সালমান এফ রহমান বলেন, ‘আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন যে, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকার বিব্রত হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে।’
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকটড হয়েছি। আপনারা জানেন ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় এটার ওপরে কমেন্ট করা ঠিক হবে না।’
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




























