
চাঁদপুরে জেলেদের হামলায় নৌ- পুলিশ গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ


চাঁদপুরের মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালানোর সময় নৌ পুলিশের উপর হামলা করেছে জেলেরা। হামলায় নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়। সোমবার রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি এলাকায় এই ঘটনা ঘটে।
জেলের ইটের টুকরোর আঘাতে মুখমন্ডলে মারাত্মক জখম হয় পুলিশের নায়েক হাসান মিয়া (২৬)। গুরুতর আহত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জালের ইটের চাক্কি মারা শুরু করে। এতে আহত হন হাসান মিয়া। তার অবস্থা আশাঙ্কা দেখা দিলে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।


এদিকে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার রাতে নৌ পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত অর্ধ শত জেলেকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

























