
বিয়েবাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষে যুবক নিহত


কুড়িগ্রাম শহরে বিয়েবাড়িতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পুরনো রেলস্টেশনসংলগ্ন হরিজনপল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল বাশফোর গাইবান্ধা শহরের কাছারিবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে।


এদিকে এ ঘটনায় ওই এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর থানা পুলিশ সেখানে অবস্থান করছে।
জানা যায়, কুড়িগ্রাম শহরে পুরনো রেলস্টেশনসংলগ্ন হরিজনপল্লীতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানীর (১৬) সঙ্গে শিল্প পুলিশে চাকরিরত রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কন্যা বিদায়ের সময় উভয়পক্ষের লোকজন আনন্দ-উৎসব করছিল। এ সময় কথা কাটাকাটির জেরে রাহুল বাশফোর নামে বরপক্ষের এক যুবককে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে ৩-৪ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর জানান, রাহুল বাশফোর নামে বরযাত্রীর এক যুবকের বুকের বা পাশে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
সূত্র:যুগান্তর
E/N



























