
নিখোঁজের ৩ দিন পর টয়লেটের ট্যাংকিতে শিশুর লাশ


দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে টয়লেটের ট্যাংকির ভিতর থেকে মোছা. নুসরাত নামে সাড়ে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর আগে গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি হতে নিখোঁজ হয় সে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. হামিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুরে নিজবাড়িতে খেলার একপর্যায়ে শিশু নুসরাতকে খুঁজে পাওয়া যচ্ছিল না। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়ার পর কোথাও না পেয়ে রাতেই এ বিষয়ে বীরগঞ্জ থানায় জিডি করেন নিখোঁজ নুসরাতের মামা মো. নজরুল ইসলাম। এদিকে নুসরাতের সন্ধান চেয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।


এরপরও নুসরাতের সন্ধান না পাওয়ায় সন্দেহবশত বৃহস্পতিবার সকাল হতে পরিবারের লোকজন বাড়ির আশপাশের সবার টয়লেটের ট্যাংকির ভিতরে খোঁজ নিতে শুরু করেন। এর একপর্যায়ে ওমর আলী (৫৫) নামে প্রতিবেশীর রিং-স্ল্যাব দিয়ে তৈরিকৃত টয়লেটের ট্যাংকির ভিতর থেকে নুসরাতের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিয়য়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হলে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ থানায় নিয়ে যায়।
এ সময় একই এলাকার সফের আলীর ছেলে মো. আব্দুস সালাম (২২) এবং তার স্ত্রী মোছা. মৌসুমীকে (১৯) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সূত্র: যুগান্তর
E/N



























