
চাঁদপুরে নকল কসমেটিকস নিয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ, দোকানীকে ছয় হাজার টাকা জরিমানা


নকল সেম্পু, সাবান, টুথপেস্টসহ কসমেটিকস আইটেম বিক্রির দায়ে দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে ক্রেতার অভিযোগের ভিত্তিতে শুনানী শেষে এই জরিমানা আদায় করা হয়। পরে জরিমানার শতকরা ২৫ ভাগ ১৫’শ টাকা পুরষ্কার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলার ক্রেতা শরিফুল ইসলাম গত ৬ অক্টোবর ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে দেখা গেছে, চাঁদপুর সদর উপজেলার কালীবাড়ীর একটি কসমেটিকস দোকান থেকে ক্রয় করা কসমেটিকস আইটেম গুলোর অধিকাংশই নকল এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছিল না ৷ এতে তিনি ক্ষতিগ্রস্ত হন এবং ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ৷


পরে ক্রেতা শরিফুল ইসলাম চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন।
ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল পপুলার বিডিনিউজকে জানান, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযোগকারী পুরষ্কার ও কিছু পণ্য প্রতিষ্ঠানে ফেরত দিয়ে টাকা ফেরত পেয়েছেন ৷ বিক্রেতা তার ভুল স্বীকার করে নেন এবং ভবিষ্যতে ভাল মানের পণ্য বিক্রিসহ আইনগত বিষয়গুলো মেনে চলার অঙ্গীকার করেন।
তিনি আরো জানান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সন্তুষ্টি প্রকাশ করে ভোক্তা অধিদপ্তরের এমন কার্যক্রম অব্যাহত রাখার এবং ভোক্তার জানার স্বার্থে অধিকতর প্রচার করার পরামর্শ দেন।

























