
হেফাজত নেতা মামুনুল হকের জামিন নাকচ


খুলনায় হেফাজতে ইসলামীর সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে কারাগার থেকে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করা হয় মামুনুল হককে।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেল পাঁচটায় কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় মামুনুলকে।


আদালত সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ জানান, ‘বেলা ১১টার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর শাহ আলম আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে মামুনুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামুনুল হকের বিরুদ্ধ নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যক্রম সহ ২৭টি মামলা রয়েছে।
সূত্র:জাগরণ
E/N




























