
দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে মো পাশা খাঁন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পৌর এলাকার পাড়কোলা কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাশা খাঁন বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খাঁনের ছেলে। আহতরা হলেন- দুলাল(৬০),বাটুল(৩০),টুটুল(৩০) ও বিপ্লব (৩৫)। এদের সবার বাড়ি ধুনট উপজেলায়।


এ বিষয়ে শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের মাস্টার মঞ্জুরুল আলম ও হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মাহীন জানান, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা বাঘাবাড়িগামী বালুবোঝাই একটি বিকল ট্রাক আগে থেকেই পাড়কোলা বাসস্ট্যান্ডের দক্ষিণে কাঠালতলা এলাকায় দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে একটি খালি ট্রাক বগুড়ার ধুনট থেকে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে পাবনার বেড়া সিএনবির হাটে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বালুবোঝই ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ মেশিনের সাহায্যে কেটে আহত ৫ জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছুক্ষণ পর সেখানে ব্যবসায়ী পাশার মৃত্যু হয়।
সূত্র:যুগান্তর
H/N



























