
৮০ কেজির পরিবর্তে ৫০ কেজি চাল পাচ্ছেন জেলেরা


এবারই প্রথম জাটকা মৌসুমে সরকারের ভিজিএফের চাল একসঙ্গে ৮০ কেজি করে বরাদ্দ দেয় সরকার; যা গত ২৩ মার্চের মধ্যে বিতরণ করার কথা ছিল। বিতরণ করা হয়েছে বটে! কিন্তু ৮০ কেজি নয়, জেলেপ্রতি দেয়া হয়েছে ৫০ কেজি। এমনটাই জানান সুবিধাপ্রাপ্ত জেলেরা।
জেলার চার উপজেলায় ৪০ হাজার ৫টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিতে এ বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম ধাপে ফেব্রুয়ারি-মার্চ ২ মাস প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি চাল দেয়ার কথা; কিন্তু এবছরই প্রথম একসঙ্গে দুই মাসের চাল বিতরণ করা হয়।
সোমবার চাঁদপুর সদরের কয়েকটি ইউনিয়নের জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলেদের ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসের বরাদ্দকৃত চাল এবার দেয়া হয়েছে একসঙ্গে। দুই মাসে তারা ৪০ কেজি করে ৮০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তারা পেয়েছেন ৫০ কেজি করে এক বস্তা চাল। অনেক জেলে এ সময় অভিযোগ করেন গত বছরও তারা বরাদ্দের চাল কম পেয়েছেন। ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররা যে পরিমাণ চাল বিতরণ করেন তাই তাদের মেনে নিতে হয়।


আবার কয়েকজন জেলে বলেন, চেয়ারম্যান বলেছেন এ বছর বরাদ্দ কম এসেছে এবং ইউনিয়নে নতুন জেলে অন্তর্ভুক্ত করা হয়েছে- তাই চাল কিছুটা কম দেয়া হয়েছে।
সূত্র:যুগান্তর
H/N


























