POPULAR BD NEWS
Popular BD News Logo

৮০ কেজির পরিবর্তে ৫০ কেজি চাল পাচ্ছেন জেলেরা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ | সময়: ৩:০৭ অপরাহ্ণ

এবারই প্রথম জাটকা মৌসুমে সরকারের ভিজিএফের চাল একসঙ্গে ৮০ কেজি করে বরাদ্দ দেয় সরকার; যা গত ২৩ মার্চের মধ্যে বিতরণ করার কথা ছিল। বিতরণ করা হয়েছে বটে! কিন্তু ৮০ কেজি নয়, জেলেপ্রতি দেয়া হয়েছে ৫০ কেজি। এমনটাই জানান সুবিধাপ্রাপ্ত জেলেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকাসহ (ছোট ইলিশ) সব ধরনের মাছ ধরা নিষেধ। মাছ ধরা থেকে বিরত রাখতে সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে। জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ৩ হাজার ২শ’ দশমিক ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

জেলার চার উপজেলায় ৪০ হাজার ৫টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিতে এ বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম ধাপে ফেব্রুয়ারি-মার্চ ২ মাস প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি চাল দেয়ার কথা; কিন্তু এবছরই প্রথম একসঙ্গে দুই মাসের চাল বিতরণ করা হয়।

সোমবার চাঁদপুর সদরের কয়েকটি ইউনিয়নের জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলেদের ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসের বরাদ্দকৃত চাল এবার দেয়া হয়েছে একসঙ্গে। দুই মাসে তারা ৪০ কেজি করে ৮০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তারা পেয়েছেন ৫০ কেজি করে এক বস্তা চাল। অনেক জেলে এ সময় অভিযোগ করেন গত বছরও তারা বরাদ্দের চাল কম পেয়েছেন। ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররা যে পরিমাণ চাল বিতরণ করেন তাই তাদের মেনে নিতে হয়।

আবার কয়েকজন জেলে বলেন, চেয়ারম্যান বলেছেন এ বছর বরাদ্দ কম এসেছে এবং ইউনিয়নে নতুন জেলে অন্তর্ভুক্ত করা হয়েছে- তাই চাল কিছুটা কম দেয়া হয়েছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন