
হোটেলের রুমে মিলল যুবকের লাশ


কক্সবাজার শহরে একটি কটেজ থেকে আবদুল মান্নান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে শহরের কলাতলীর কটেজ জোনের ‘সুইটহোম’ নামের ওই হোটেল থেকে কক্সবাজারের সিআইডি ও থানা পুলিশের দল ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত আবদুল মান্নান কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।


কটেজ কর্তৃপক্ষ জানান, গত সোমবার সকালে ঢাকা থেকে আসা মো. বাবু, মো. নজরুল ইসলাম ও মান্নান কটেজের সুইটহোমের ৩০২নং কক্ষ ভাড়া নেন।
মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এর পর তারা পুলিশে খবর দেন।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গলায় তার পেঁচিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। গলায় তার পেঁচানোর দাগ রয়েছে।
ধারণা করা হচ্ছে, সঙ্গে থাকা দুজন মিলে গলায় তার পেঁচিয়ে তাকে হত্যা করে খাটের নিচে মরদেহ লুকিয়ে পালিয়ে গেছে। আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।




























