
৪১৯ জন লেবানন থেকে দেশে ফিরছেন


লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরো ৪১৯ জন প্রবাসী বাংলাদেশি। রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণেই তারা চলে আসছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিবেন। আগামীকাল শুক্রবার সকালে তারা দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে দূতাবাস।
বুধবার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুকদের সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। অভিবাসীরা হাতে টিকিট পেয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান।


এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, প্রবাসীদের স্বার্থে দূতাবাসে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন চালু থাকবে এবং নিবন্ধিত সব প্রবাসীদের স্বল্প সময়ে পর্যায়ক্রমে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে।
বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত চার হাজারেরও বেশি বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করেছেন। পর্যায়ক্রমে তাদের দেশে ফেরানো হবে।
সূত্র:- ভোরের ডাক




























