
চাঁদপুর শহরের গাজী সড়কে নিম্নমানের কাজের অভিযোগে ব্লক বসানোর কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা


চাঁদপুর শহরের ট্রাকরোড সংলগ্ন গাজী সড়কে নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার ব্লক বসানোর কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কাজ চলাকালীন সময়ে স্থানীয় বাসিন্দারা বাধা দিয়ে কাজ বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর পৌরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল হিসেবে পরিচিত গাজী সড়কের একপাশ ১১ নম্বর এবং অপর পাশ ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ট্রাকরোড থেকে গাজী সড়ক হয়ে নদীর পাড় পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ এ সড়ক দীর্ঘদিন ধরে কাদা, জলাবদ্ধতা ও দুর্ভোগের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।


তারা জানান, সাবেক মেয়র জিল্লুর রহমান জুয়েলের আমলে ট্রাকরোড থেকে নদীর পাড় পর্যন্ত সড়কের মাঝখান দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হয়। বর্তমানে ওই ড্রেনের দুই পাশে ব্লক বসিয়ে রাস্তা উন্নয়নের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান লাকী এন্টারপ্রাইজ। তবে ব্লকের পরিবর্তে আরসিসি (RCC) ঢালাই দিয়ে টেকসই রাস্তা নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা শুক্কুর গাজী, সুমন গাজী ও সেলিম ঢালী বলেন, “নিম্নমানের কাজ করা হচ্ছে। ব্লকের রাস্তা নির্মাণ করলে আমাদের দুর্ভোগ কমবে না, বরং আরও বাড়বে। ভারী ট্রাক বা যানবাহন চলাচল করলে ব্লক দেবে যাবে। আমরা ব্লকের কাজ চাই না। এর পরিবর্তে আরসিসি ঢালাই দিয়ে টেকসই রাস্তা নির্মাণ করতে হবে।”
এ বিষয়ে লাকী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি সরকারি প্রকল্পের কাজ। প্রকল্পের নকশা ও নির্দেশনা অনুযায়ী যথাযথভাবেই কাজ করা হচ্ছে।”
চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার বলেন, “স্থানীয়রা নিম্নমানের কাজের অভিযোগ জানিয়েছেন। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”








