
রোটার্যাক্ট ক্লাব অব হাজীগঞ্জের দায়িত্ব হস্তান্তর ও হুইলচেয়ার বিতরণ


চাঁদপুরের হাজীগঞ্জে রোটার্যাক্ট ক্লাব অব হাজীগঞ্জের ২০২৬–২০২৭ রোটারি বর্ষের Year Launching, Collar Handover, Club Assembly ও Wheelchair Distribution Programme সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) হাজীগঞ্জ ফুড লাভার রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান নিশান রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব হাজীগঞ্জের সভাপতি রোটারিয়ান মশিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে রোটারি ক্লাব অব হাজীগঞ্জের ২০২৬–২০২৭ বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাসুদ ইবনে মিজান, রোটারি ও রোটার্যাক্টের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ২০২৫–২০২৬ বর্ষের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় ২০২৬–২০২৭ বর্ষের সভাপতি হিসেবে রোটার্যাক্টর কামরুল হাসান পাভেল এবং সাধারণ সম্পাদক হিসেবে রোটার্যাক্টর আল ফয়সাল দায়িত্ব গ্রহণ করেন।
অতিথিরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অসহায় ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি। আয়োজকদের মতে, এই উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্লাবের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
রোটার্যাক্ট ক্লাব অব হাজীগঞ্জ (ক্লাব আইডি: ৮০৭৩৮), যা ২৮ এপ্রিল ২০০৮ সালে চার্টার লাভ করে এবং রোটারি ক্লাব অব হাজীগঞ্জের স্পন্সরশিপে পরিচালিত হয়ে আসছে, নতুন রোটারি বর্ষে “Pulse of Care, Rhythm of Service” প্রতিপাদ্যকে সামনে রেখে মানবসেবা, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানের সমাপনীতে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আগামী দিনগুলোতে সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ক্লাবের এবারের স্লোগান— “হৃদস্পন্দন যতদিন, সেবার ছন্দ ততদিন।”








