
চাঁদপুরে উদীচীর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নজরুল জন্মজয়ন্তী পালিত


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চাঁদপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁদপুর জেলা সংসদ।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কৃষ্ণা সাহা।
সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের উপস্থাপনায় “গাহি সাম্যের গান / যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান” – নজরুলের এই চিরন্তন বাণীকে ধারণ করে সাজানো হয় পুরো অনুষ্ঠান।


অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা নজরুলের বিদ্রোহী, সাম্যবাদী ও মানবতাবাদী গান পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর কন্ঠ শিল্পী নন্দিতা দাস, প্রশিকা সরকার, মৈত্রী দত্ত, প্রীতি সাহা, শিপ্রা দাস ও শ্রাবণী সিংহ।
শিল্পীরা নীল শাড়ি পরিহিতা শিল্পী নজরুলগীতি পরিবেশন করলে দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা, অসাম্য ও অন্যায়ের বিরুদ্ধে নজরুলের কলম আজও প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মকে নজরুলের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।
উপস্থিত ছিলেন উদীচী চাঁদপুরের সদস্য, সাংস্কৃতিককর্মী ও স্থানীয় গুণীজন। অনুষ্ঠানটি কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার প্রয়াস ছিল বলে আয়োজকরা জানান।








