
শিশুর খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মা-মেয়ে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি এক


চাঁদপুরের হাজীগঞ্জে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে দুই নারীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায় আটটি সেলাই দিতে হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সামছুন্নাহার ও তার কিশোরী কন্যা সুমাইয়া আক্তার মারিয়া।


স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সামির ও মিরাজের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, ঘটনার পর নজরুল ইসলাম বাড়িতে ফিরে এসে বাঁশ ও লাঠি দিয়ে সামছুন্নাহারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তার স্ত্রী ও মা হামলায় অংশ নেন বলে স্থানীয়দের দাবি।
হামলায় সামছুন্নাহারের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষা করতে গেলে তার মেয়ে মারিয়াকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সামছুন্নাহারের মাথায় আটটি সেলাই দেওয়া হয়। মারিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনও শারীরিকভাবে দুর্বল রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








