
চাঁদপুরে বৃত্তি প্রাপ্ত ২শ ৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ


চাঁদপুরে প্রথম থেকে নবম শ্রেণির ২শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়।
প্রতি বছরের ন্যায় চলতি বছরে ২ হাজার ৫শ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ২শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, সম্মাননা স্মারক, ম্যাগাজিন ও অর্থ প্রদান করা হয়েছে।
জেলা শহীদ লিয়াকত স্মৃতি সংসদের আহবায়ক মাস্টার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে দেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মাছুম বিল্লাহ ।


তিনি বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তাই তোমাদেরকে সঠিকভাবে গড়ে উঠতে হবে একজন যোগ্য প্রতিযোগী হিসেবে। সমাজে টিকে থাকতে হলে প্রতিযোগিতার মানসিকতা থাকা জরুরি। তোমরা যারা এখানে উপস্থিত সবাই মেধাবী শিক্ষার্থী—নিজেদের ভালো-মন্দের দিকটি বোঝা, নিয়ন্ত্রণ করা এবং সঠিক পথে চলা তোমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, কিশোর গ্যাং ও মাদকাসক্তি আজ আমাদের সমাজের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই অপসংস্কৃতি থেকে দূরে থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত আলী স্মৃতি সংসদের পরিচালক মোহাম্মদ মাছুম বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, মো. আনিসুর রহমান মজুমদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা সভাপতি গিয়াস উদ্দিন কবির, হাজীগঞ্জ মডেল কলেজ প্রভাষক আবু সালে মোহাম্মদ বদরুদ্দোজা ও সংগঠনের সচিব মো. মামুন শেখ।

























