
বেড়েই চলেছে ডিমের দাম
‘ডিমই ছিল আমাদের ভরসা, এখন তা-ও কিনতে পারছি না’


নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে আগে থেকেই ভুগছে সাধারণ মানুষ। এর মধ্যে দফায় দফায় ডিমের বৃদ্ধিতে আরও অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।
তবে ব্যবসায়ীদের দাবি, বেশ কিছু দিন থেকে ডিমের উৎপাদন কমে এসেছে। ফলে চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বাজার করতে আসা মনিরা বেগম নামের এক নারী বলেন, ডিমের দাম গত সপ্তাহে যেটা ৪০ টাকা হালি ছিল সেটা এখন বৃদ্ধি পেয়ে ৫০ টাকা হয়েছে। এছাড়া প্রতিটা নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার করতে এলেই হিমশিম খেয়ে যাচ্ছি। মুরগি, গরুর মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজির দামও বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় পরিবার নিয়ে চলা যাচ্ছে না।


রজিফা নামের আরেকজন বলেন, ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় দুই দিন ধরে ডিম কেনা বন্ধ করে দিয়েছি। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের ডিমের ওপরই ভরসা ছিল। হঠাৎ করে ডিমের দাম বৃদ্ধি পাওয়ার ফলে এখন তাও কিনতে পারছি না। বাজার নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে।
এদিকে জেলার ডিম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বড় বড় যে খামারগুলো রয়েছে তারা ডিমের দাম বৃদ্ধি করার ফলে খুচরা বা পাইকারি বিক্রেতারা দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন।




























