
পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো কচুয়ার রিয়াদ
পদ্মা সেতু দেখা হলো না রিয়াদের -- পপুলার বিডিনিউজ 
স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো কচুয়ার ডুমুরিয়া গ্রামের রিয়াদ হোসেন (২৩)। সোমবার দুপুরে রিয়াদের লাশ তার নিজ গ্রাম ডুমুরিয়ায় নিয়ে যাওয়া হয়। ওইসময় মা, বাবা, স্ত্রী ও সন্তানসহ স্বজনদের আহাজারিতে সবাই স্তব্ধ হয়ে পড়েন। সোমবার বিকেলে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আলী আহম্মেদ মেম্বার বাড়ীর দুলাল মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি ফার্মে চাকুরি করতেন। তার স্ত্রী, ২ বছরের একটি পুত্র সন্তান গ্রামেই থাকতো।
নিহতের স্ত্রী জান্নাত আক্তার জানান, রবিবার মধ্যরাতে তার স্বামীর সাথে শেষ কথা হয়। এ সময় রিয়াদ বলে ছিলো ‘সে তার কয়েক বন্ধুসহ মোটরসাইকেলে করে ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছে। তারপর রাত ৩টার দিকে অপরিচিত এক নাম্বার থেকে কল দিয়ে জানায়- রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।


রিয়াদের বাবা দুলাল মিয়া জানান, দুর্ঘটনায় নিহত মেজো ছেলে রিয়াদ হোসেনের লাশ ঢাকার মনোয়ারা হাসপাতালে ছিল। রিয়াদ তার বন্ধুদের সাথে মোটরসাইকেলে করে পদ্মা সেতু দেখতে যায়। যাওয়ার পথে রিয়াদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং এর সাথে হুমড়ে পড়ে। ওই সময় তার বন্ধুরা দ্রুত তাকে ঢাকার মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর।




























