
চিরনিদ্রায় শায়িত হলেন হাজীগঞ্জের নক্ষত্র অধ্যাপক আবদুর রশিদ মজুমদার


ডেঙ্গু জ্বরে হারালেন ভাইকে। তারপর চলে গেলো মা। এবার না ফেরার দেশে গেলেন বাবা অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। অভিভাবক শূন্য হয়ে গেলো একমাত্র ছেলে আতাউর রহমান অপুর জীবন। অপুর মতো যেন অভিভাবক হারালেন মকিমাবাদবাসী ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগসহ অসংখ্য সংগঠন ও অসংখ্য গুণগ্রাহী।
সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন অধ্যাপক আবদুর রশিদ মজুমদার । মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মজুমদার বাড়ির মরহুম আব্দুল মতিন মজুমদারের ছেলে।
মঙ্গলবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই আওয়ামীলীগ নেতা।


দীর্ঘ ৩৫ বছর হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। দু’বার হাজীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও দু’বার হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
অধ্যাপক আবদুর রশিদ মজুমদার একজন রাজনীতিক, জনপ্রতিনিধি, সমাজসেবক ও আদর্শবান শিক্ষক হিসেবে সর্বস্তরের জনগণের কাছে শ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও মর্যাদাবান মানুষ হিসেবে বিবেচিত ছিলেন। তিনি বিগত তিন দশক স্থানীয়ভাবে সর্বদলীয় রাজনীতির মানুষের কাছে একজন অভিভাবক, নেতা, রাজনীতিক হিসেবে পরিগণিত হতেন বলে জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় তুলে ধরেন বক্তারা।
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় টেলিফোনে শোক প্রকাশ করেন সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য একে এম ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো.মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ইউএনও রাশেদুল ইসলাম তানজির, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুণ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী।
এছাড়া জানাজা শেষে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী যুবলীগ, হাজীগঞ্জ পৌরসভা, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলা পরিষদ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতি, প্রাক্তন ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর


























