
গণপরিবহনে উপেক্ষিত বিধিনিষেধ

শুক্রবার বেলা সাড়ে ১১টা। রাজধানীর শাহবাগ মোড়ে এসে থামল মিরপুরগামী খাজা বাবা পরিবহনের একটি বাস। সেটি থেকে নেমে এলেন তিনজন যাত্রী। তাঁদের দুজনের মুখে মাস্ক নেই। বাসের চালকের সহকারী বেলাল উদ্দিনের মাস্ক ঝুলছিল গলায়। মাস্ক ছিল না গাড়ির চালক মো. রাসেলের মুখেও। মাস্ক নেই কেন—জানতে চাইলে তিনি সিটের আশপাশে মাস্ক খুঁজতে শুরু করলেন। পরে পায়ের নিচ থেকে মাস্ক বের করে রাসেল বললেন, ‘বেশিক্ষণ মাস্ক পরে থাকতে পারি না। শ্বাস নিতে কষ্ট হয়।’
চালক ও তাঁর সহকারীর সঙ্গে কথা শেষ করে বাসটিতে ঢুকে দেখা যায়, ২০ জন যাত্রী। তাঁদের ৮ জনের মুখে মাস্ক নেই। দুজনের মাস্ক থুতনিতে।
এমন চিত্র শুধু খাজা বাবা পরিবহনের নয়, কাল রাজধানীর শাহবাগ মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ১০টি বাসের চালকের মধ্যে ৮ জনের মুখে মাস্ক দেখা যায়নি। চালকের সহকারীরা সঙ্গে মাস্ক রাখলেও সেগুলো তাঁদের থুতনি বা গলায় ঝুলতে দেখা গেছে। বেশির ভাগ গাড়িতে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। কয়েকটি বাসে গায়ে গায়ে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করতেও দেখা গেছে।


সূত্র: প্রথম আলো
E/N




























