
বুড়িগঙ্গায় নৌকাডুবি: উদ্ধার ২ লাশ মা-মেয়ের


রাজধানীর বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে মারা যাওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন রেখা (২৯) ও তার মেয়ে সানজিদা (৮)।
এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন শীতল (২৭) ও তার ছেলে শফিকুল (৭)। চারজনই আত্মীয়।


সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌপুলিশের এসআই আব্দুস সোবহান গণামধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা রেখার লাশ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে তার আট বছর মেয়ের লাশ উদ্ধার করা হয়।
মালবাহী নৌযানটি আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সূত্র: যুগান্তর
E/N



























