
ডিবি পরিচয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ জন আটক


নরসিংদীতে ডিবি পরিচয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার চারজন হলেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার আসাদুজ্জামানের ছেলে মো. রানা (৩৫), ভেলানগর এলাকার মো. সোবহানের ছেলে কামরুল ইসলাম (২৫), বানিয়াছল এলাকার সানু মিয়ার ছেলে রাতুল মিয়া (২৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বলাকোট এলাকার বাচ্চু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩০)।


রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে গাজীপুরের কালীগঞ্জ এলাকার এরশাদ আলী ট্রেন ধরতে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য একটি মিনিবাসে ওঠেন। বাসটি নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমান্দি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা চারজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাস থেকে এরশাদ আলীকে নামান।
এরপর তাঁরা এরশাদকে একটি নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ২ হাজার ৫০০ টাকা, আইফোনসহ দুটি মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় তাঁরা জোর করে তাঁর এটিএম কার্ড ব্যবহার করে ৫ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। ঘটনার পর ২০ সেপ্টেম্বর এরশাদ আলী নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন।
সূত্র: প্রথম আলো
E/N



























